দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিয়ান রবিন তার বাবার একমাত্র সন্তান। সোমবার রাতে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোয় বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্যাপন করেন তিনি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী ৫-৬ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এরপর কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘সকালে কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এমএস/